
মশা দমনে দেশীয় প্রযুক্তিনির্ভর রাসায়নিক ব্যবহারে আশার কথা বললেন মির্জা ফখরুল
ডেস্ক রিপোর্টঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বর্তমান মৌসুমে মশার লার্ভা ধ্বংস করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এ ক্ষেত্রে দেশীয় প্রযুক্তিভিত্তিক নতুন রাসায়নিক ব্যবহারের সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সোমবার (২০ জুলাই) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘ইয়ুথ টু ওয়ার্ল্ড’ আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তিবিষয়ক এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, নতুন উদ্ভাবিত প্রযুক্তি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা গেলে সিটি করপোরেশন ও উদ্ভাবকদের যৌথ উদ্যোগ আরও কার্যকর হতে পারে।
তিনি বলেন, বর্তমানে মশা দমনে ব্যবহৃত অনেক রাসায়নিক কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না। একইভাবে প্রচলিত প্রযুক্তিগুলোর কার্যকারিতাও প্রত্যাশা অনুযায়ী নয়।
মির্জা ফখরুলের মতে, দেশীয় রাসায়নিক ব্যবহার করে তৈরি নতুন প্রযুক্তি মশা নিয়ন্ত্রণে একটি সম্ভাবনাময় বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে।
সূত্রঃ বাসস