
যুক্তরাষ্ট্র ইরানের শক্তিকে ভুলভাবে মূল্যায়ন করেছে, দাবি আরাগচির
ডেস্ক রিপোর্টঃ
যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ভুল ধারণা পোষণ করেছে এবং যুদ্ধ শুরুর সিদ্ধান্তও ছিল ভুল—এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রের চাপ বা হুমকিতে ভীত নয়।
তুরস্কের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘ইরান কখনোই যুক্তরাষ্ট্রের হুমকিতে ভয় পায়নি। আমরা ভেনেজুয়েলা নই।’
তার দাবি, ইসরাইল মনে করেছিল স্বল্প সময়ের সামরিক হামলার মাধ্যমে ইরানকে দুর্বল করে দেওয়া সম্ভব হবে। তবে বাস্তবে সেই পরিকল্পনা সফল হয়নি।
আরাগচির অভিযোগ, ইরানের অভ্যন্তর থেকে তথ্য ফাঁস হওয়ার কারণেই ইসরাইল বেশ কিছু হামলা চালাতে সক্ষম হয়েছে। তার মতে, এসব ঘটনার পেছনে নিরাপত্তা ব্যবস্থার কিছু দুর্বলতা ছিল, যা পুরোপুরি দূর করা এখনো সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, ইসরাইলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানতেন যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিদিন সকালে তার কার্যালয়ে অবস্থান করেন। আরাগচির ভাষ্য, তার ওপর হামলা হলে হরমুজ প্রণালি বন্ধ করার পরিকল্পনাও আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল।
পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে প্রাথমিক যুদ্ধবিরতি হয়েছে, তা ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন নিয়েই কার্যকর করা হয়েছে।
তিনি বলেন, কূটনৈতিক প্রচেষ্টার কার্যকারিতা যাচাই করতেই ইরান আলোচনায় অংশ নেয়। পাশাপাশি নতুন করে আলোচনা শুরু করা হবে কি না, সে বিষয়েও দেশটির নেতৃত্বের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে।
সূত্রঃ যুগান্তর