
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ঘরে এলো চতুর্থ সন্তান
ডেস্ক রিপোর্টঃ
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্সের পরিবারে নতুন সদস্য এসেছে। স্থানীয় সময় রোববার (১৯ জুলাই) মেরিল্যান্ডের বেথেসদায় অবস্থিত ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তাদের পুত্রসন্তানের জন্ম হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়, এক যৌথ বিবৃতিতে দম্পতি জানান, তাদের নবজাতক ছেলের নাম রাখা হয়েছে অ্যালেক নীল ভ্যান্স। তারা বলেন, মা ও সন্তান দুজনই সুস্থ আছেন এবং পরিবারের অন্য সন্তানরাও নতুন সদস্যকে পেয়ে দারুণ আনন্দিত।
ওহাইওর বাসিন্দা জেডি ভ্যান্স ও ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান উষা ভ্যান্সের পরিচয় হয়েছিল ইয়েল ল স্কুলে পড়াশোনার সময়। ২০১৩ সালে তারা সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন।
এর আগে ২০১৭ সালে তাদের প্রথম ছেলে ইওয়ানের জন্ম হয়। ২০২০ সালে দ্বিতীয় ছেলে বিবেক এবং ২০২১ সালে কন্যা মিরাবেলের জন্মের পর এবার চতুর্থ সন্তানের বাবা-মা হলেন এই দম্পতি।
আল জাজিরার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রায় দেড় শতাব্দীর ইতিহাসে দায়িত্বে থাকা কোনো ভাইস প্রেসিডেন্টের ঘরে জন্ম নেওয়া এটিই প্রথম সন্তান। এর আগে ১৮৭০ সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট স্কাইলার কোলফ্যাক্স দায়িত্বে থাকাকালে তার ছেলে স্কাইলার কোলফ্যাক্স তৃতীয়ের জন্ম হয়েছিল।
সাবেক মেরিন সদস্য জেডি ভ্যান্স দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে কমে যাওয়া জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। ২০২১ সালে সিনেট নির্বাচনের প্রচারণা থেকেই তিনি বেশি সন্তান নেওয়ার পক্ষে অবস্থান তুলে ধরেন। এছাড়া ২০২৫ সালের ‘মার্চ ফর লাইফ’ সমাবেশেও তিনি যুক্তরাষ্ট্রে আরও বেশি শিশুর জন্ম দেখতে চান বলে মন্তব্য করেছিলেন।
সূত্রঃ যুগান্তর