সবার কথা বলে

মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা, অবসরের সিদ্ধান্ত এখনও অনিশ্চিত

0 3

মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা, অবসরের সিদ্ধান্ত এখনও অনিশ্চিত

ডেস্ক রিপোর্টঃ

স্পেনের কাছে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়কের এটি শেষ বিশ্বকাপ ম্যাচ হলেও জাতীয় দলের জার্সিতে এটাই শেষ উপস্থিতি কি না, তা এখনো নিশ্চিত নয়।

ফাইনালের পর আবেগাপ্লুত মেসিকে মাঠে কাঁদতে দেখা যায়। ম্যাচ শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা না বলেই ড্রেসিংরুমে ফিরে যান। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ভবিষ্যৎ নিয়ে কোনো ইঙ্গিত না দিয়ে শুধু ফাইনালে হারের কষ্টের কথা প্রকাশ করেন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস–এর সাংবাদিক গাস্তন এদুলের দাবি, মেসি এখনো জাতীয় দল থেকে অবসরের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। বিশ্বকাপের আগে কিংবা টুর্নামেন্ট চলাকালে ঘনিষ্ঠ কাউকেও তিনি এটিই শেষ আসর বলে জানাননি।

এদুলের মতে, মেসি সম্ভবত আর্জেন্টিনার সমর্থকদের সামনেই জাতীয় দলকে বিদায় জানাতে চান। তাই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ রয়েছে, সেখানে মেসিকে দেখা যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০৩০ সালে। আর্জেন্টিনা যৌথ আয়োজক হওয়ায় মূল পর্বে সরাসরি খেলার সুযোগ পাবে। তবে ২০২৭ সালে শুরু হতে যাওয়া বাছাইপর্বে অংশ নেওয়ার কথা থাকলেও তখন মেসির বয়স হবে ৪০ বছর। ফলে সেই সময় পর্যন্ত তার খেলে যাওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কবে জানাবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি আর্জেন্টাইন মহাতারকা।

সূত্রঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.