
বিএনপি-এনসিপির কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা কার্যকর
ডেস্ক রিপোর্টঃ
হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক।
জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, একই সময় ও একই স্থানে এনসিপির বিক্ষোভ সমাবেশ এবং হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি, পাশাপাশি জেলা ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি ঘোষণার কারণে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এতে সংঘর্ষ, জানমালের ক্ষতি এবং আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকায় জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৪৪ ধারার আওতায় হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, মাইকিং, পিকেটিং, উচ্চ শব্দ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
সূত্রঃ যুগান্তর