সবার কথা বলে

চীনের গানসুতে বন্যা ও ভূমিধসে নি/হ/ত বেড়ে ২৫

0 7

চীনের গানসুতে বন্যা ও ভূমিধসে

নি/হ/ত বেড়ে ২৫

ডেস্ক রিপোর্টঃ

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে টানা ভারী বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এ দুর্যোগে আরও ২৩ জন আহত হয়েছেন বলে রোববার (২ আগস্ট) জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

এর আগে প্রাথমিকভাবে জানানো হয়েছিল, গত ২৬ জুলাই গানসু প্রদেশের ডিংসি শহরের ওয়েইইউয়ান কাউন্টিতে প্রবল বর্ষণের পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়েছে। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকা এবং নতুন তথ্য পাওয়ার পর নিহতের সংখ্যা বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের জাতীয় দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ কমিশন ঘটনাটির কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত হিসাব তৈরির জন্য গানসু প্রাদেশিক প্রশাসনকে নির্দেশ দিয়েছে।

এদিকে অব্যাহত বৃষ্টির কারণে ডিংসি শহরসহ গানসুর বিভিন্ন অঞ্চলে নতুন করে ভূমিধসের আশঙ্কা রয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে।

রোববার রাজধানী বেইজিং ও ইনার মঙ্গোলিয়াতেও আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। চীনের জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রঝড় হতে পারে।

অন্যদিকে, সিচুয়ান প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির তথ্য অনুযায়ী, পরিস্থিতির কারণে সেখানে এখন পর্যন্ত ৬৪ হাজার ৬০৯ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

চলতি বর্ষা মৌসুম শুরুর পর থেকে সিচুয়ান প্রদেশে মোট ৮ লাখ ৮১ হাজারের বেশি মানুষকে নিরাপদ এলাকায় স্থানান্তর করা হয়েছে।

এ ছাড়া চীনের জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে পূর্ব এশিয়ার দিকে এগিয়ে আসা সুপার টাইফুন ডলফিন আগামী বুধবার থেকে দেশটির দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।

সূত্রঃ যুগান্তর

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.