
ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের, বাজারে নতুন শঙ্কা
ডেস্ক রিপোর্টঃ
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা চলার মধ্যেই ভোজ্যতেলের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে নতুন দাম নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়ানোর আবেদন জানিয়েছে। একই সঙ্গে গত ১১ জুলাই থেকে প্রস্তাবিত নতুন দাম কার্যকর করার অনুমতি চাওয়া হয়েছিল।
প্রস্তাব পাওয়ার দিনই বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকে তেলের দাম বাড়ানোর অনুমোদন দেওয়া হয়নি। এ বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।
যদিও এখনো নতুন দাম অনুমোদন করা হয়নি, তবু ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির সম্ভাবনা নিয়ে বাজারে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক বাজারের বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোজ্যতেলের দাম কত হওয়া উচিত, তা নিয়ে বিশ্লেষণ করছে বাণিজ্য মন্ত্রণালয়।
এর আগে গত ২৯ এপ্রিল সয়াবিন তেলের দাম বাড়ানোর অনুমতি দিয়েছিল মন্ত্রণালয়। তখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে পাঁচ লিটারের বোতলের দাম ৯৫৫ টাকা থেকে বাড়িয়ে ৯৭৫ টাকা করা হয়।
এ ছাড়া খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৬ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে খোলা পাম তেলের দাম তখন অপরিবর্তিত রেখে প্রতি লিটার ১৬৬ টাকা করা হয়।
নতুন প্রস্তাবে খোলা পাম তেলের দামও বাড়ানোর কথা বলা হয়েছে। ব্যবসায়ীরা প্রতি লিটার পাম তেলের দাম ১৭ টাকা বাড়ানোর অনুমতি চেয়েছেন। প্রস্তাবটি অনুমোদন হলে নিত্যপণ্যের বাজারে ভোজ্যতেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্রঃ যুগান্তর