
মোড়কে ভুল ও কম ওজনের তথ্য, নাবিস্কোকে ২ লাখ টাকা জরিমানা
ডেস্ক রিপোর্টঃ
বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের মোড়কে উল্লেখ করা ওজনের তুলনায় কম পণ্য বাজারজাত করার অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআই জানিয়েছে, অভিযানের সময় প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের ওজন যাচাই করা হয়। এ সময় দেখা যায়, প্যাকেটের গায়ে যে পরিমাণ ওজন উল্লেখ করা হয়েছে, পণ্যের প্রকৃত ওজন তার চেয়ে কম। একই সঙ্গে কয়েকটি পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন ওজন লেখা ছিল।
বিএসটিআইয়ের মতে, একই পণ্যের প্যাকেটে দুই ধরনের ওজন উল্লেখ করা ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে এবং এটি প্রচলিত আইন ও নির্ধারিত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ভ্রাম্যমাণ আদালত নাবিস্কোকে প্যাকেটের গায়ে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন বজায় রেখে পণ্য উৎপাদন ও বাজারজাত করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে একই ধরনের অনিয়ম ধরা পড়লে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
রোববার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার আওতাধীন এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় অনিয়ম প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রয়োজনীয় সহযোগিতা দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিএসটিআইয়ের পক্ষে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা (সিএম)। এ ছাড়া পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমামও অভিযানে উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, পণ্যের সঠিক ওজন নিশ্চিত করা এবং বাজারে ন্যায্য ও স্বচ্ছ বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত রাখা হবে।
সূত্রঃ বাসস