সবার কথা বলে

রোমে শান্তি আলোচনা চললেও দক্ষিণ লেবাননে নতুন হামলা চালাল ইসরাইল

0 13

রোমে শান্তি আলোচনা চললেও দক্ষিণ লেবাননে নতুন হামলা চালাল ইসরাইল

ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রোমে ইসরাইল ও লেবাননের মধ্যে সংঘাত নিরসনে আলোচনা চলাকালেই দক্ষিণ লেবাননে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল। একই সঙ্গে দেশটি জানিয়েছে, এক মাসের বেশি সময় পর ওই এলাকায় তাদের দুই রিজার্ভ সেনা নিহত হয়েছেন।

জেরুজালেম থেকে এএফপি জানায়, নিহত দুই সেনা হলেন ৫৫তম ব্রিগেডের ২৮৫৫তম ব্যাটালিয়নের মেজর হারেল বিরেনস্টক (৩৪) এবং সার্জেন্ট মেজর তামির ভাকনিন (৩৩)। গত ২৮ জুনের পর দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত হওয়ার এটিই প্রথম প্রকাশিত ঘটনা।

কয়েক সপ্তাহের বিরতির পর দক্ষিণ লেবাননের মানসুরি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়ে সেখানে হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। এ সময় রোমে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যুক্তরাষ্ট্র-সমর্থিত আলোচনা চলছিল।

লেবানন দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চল থেকে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। তবে ইসরাইলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালাতে বাধ্য হয়েছে তারা।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পৃথক এক হামলায় অন্তত একজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রোমে নির্ধারিত বৈঠক শেষ হওয়ার তিন ঘণ্টা আগেই আলোচনা সমাপ্ত করার অনুরোধ জানায় ইসরাইল। অন্যদিকে দেশটির প্রতিনিধি দলের প্রধান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার লেবাননের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন। তবে বৃহস্পতিবারও আলোচনার শেষ দফা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আলোচনায় উভয় পক্ষ একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছায়। সেখানে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং পরীক্ষামূলকভাবে কিছু এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে নীতিগত ঐকমত্য হয়।

মার্চে হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরাইল ব্যাপক বিমান ও স্থল অভিযান শুরু করে। লেবাননের দাবি, ওই সংঘাতে এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার তথ্য অনুযায়ী, সংঘাত কমে আসায় আট লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ নিজ বাড়িতে ফিরলেও এখনো প্রায় ৩ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।

এদিকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি রোমে আলোচনার পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে হিজবুল্লাহর তৎপরতা নিয়ন্ত্রণে তেহরানের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। যদিও হিজবুল্লাহ নেতা নাঈম কাসেম সরাসরি আলোচনাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করে অস্ত্র সমর্পণের সম্ভাবনাও নাকচ করেছেন।

জুনে ইসরাইল-লেবানন সমঝোতা এবং যুক্তরাষ্ট্র-ইরানের প্রাথমিক সমঝোতার পর সহিংসতা কিছুটা কমলেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় এখনো বিচ্ছিন্ন বিমান হামলা, গোলাবর্ষণ ও সামরিক অভিযান অব্যাহত রয়েছে। মার্চে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরাইলের ৩৮ সেনা ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।

সূত্রঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.