
২৫ বছরের দূরত্ব ঘুচিয়ে একসঙ্গে কাজ করতে পারেন বানসালি-কারিনা
ডেস্ক রিপোর্টঃ
দীর্ঘদিনের মনোমালিন্যের অবসান ঘটিয়ে আবারও একসঙ্গে কাজ করতে পারেন বলিউডের খ্যাতিমান নির্মাতা সঞ্জয় লীলা বানসালি ও অভিনেত্রী কারিনা কাপুর খান। বলিউডে জোর গুঞ্জন, নিজের প্রযোজনায় নির্মিতব্য নতুন একটি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে কারিনাকে নেওয়ার পরিকল্পনা করছেন বানসালি।
দুই তারকার সম্পর্কের টানাপোড়েনের শুরু প্রায় ২৫ বছর আগে। ‘দেবদাস’ সিনেমার জন্য কারিনার লুক টেস্ট নেওয়া হলেও শেষ পর্যন্ত পার্বতীর চরিত্রে নির্বাচিত হন ঐশ্বরিয়া রাই বচ্চন। সে সময় বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, এ ঘটনায় কারিনা নিজেকে উপেক্ষিত মনে করেছিলেন এবং এরপর আর বানসালির সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেন।
পরবর্তীতে ‘গোলিও কি রাসলীলা রামলীলা’ সিনেমার জন্যও কারিনাকে ভাবা হয়েছিল বলে শোনা যায়। তবে ব্যস্ততার কারণে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। এতে বানসালি কিছুটা বিস্মিত হয়েছিলেন বলেও বলিপাড়ায় আলোচনা রয়েছে।
সাম্প্রতিক খবরে জানা গেছে, বানসালির নতুন প্রযোজনায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য ধানুশকে ভাবা হচ্ছে। আর তার বিপরীতে কারিনা কাপুর খানকে নেওয়ার বিষয়ে আগ্রহী নির্মাতা। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে প্রকল্পটি নিয়ে অভিনেত্রী ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে জানা গেছে।
সিনেমাটি পরিচালনা করবেন তামিল নির্মাতা পি. এস. মিত্রন, যিনি এর আগে ‘ইরুম্বু থিরাই’, ‘হিরো’ ও ‘সর্দার’ পরিচালনা করেছেন। বর্তমানে চিত্রনাট্য তৈরির কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরে প্রাক-প্রযোজনার কাজ শুরু হবে এবং ২০২৭ সালের জানুয়ারিতে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্রঃ যুগান্তর