
আট বছর পর রুপালি পর্দায় ফিরছেন
প্রীতি জিনতা
ডেস্ক রিপোর্টঃ
দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। প্রায় আট বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন, ক্যারিয়ার থেকে দূরে থাকার কারণ এবং নতুন সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেছেন তিনি।
প্রীতি জানান, অভিনয় থেকে দূরে থাকলেও এ নিয়ে তার কোনো আক্ষেপ ছিল না। কারণ এই সময়ের পুরোটা তিনি পরিবার ও সন্তানদের সঙ্গে কাটিয়েছেন। তার ভাষায়, জীবনের সবচেয়ে বড় সাফল্য অভিনয় নয়, বরং মা হওয়ার অনুভূতি। সন্তানদের বড় করে তোলার সময়টিই তার কাছে সবচেয়ে মূল্যবান ছিল।
নতুন সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’-এ একজন মুসলিম নারীর চরিত্রে অভিনয় করেছেন প্রীতি। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত এ ছবিতে তার বিপরীতে রয়েছেন সানি দেওল। গল্পে দাঙ্গার সময় নিজেদের লাহোরের বাড়িতে এক হিন্দু নারীকে আশ্রয় দেওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে।
প্রীতির মতে, মা হওয়ার অভিজ্ঞতা চরিত্রটির আবেগ ও মানসিকতা বুঝতে তাকে অনেক সাহায্য করেছে। তিনি বলেন, পরিবারের গুরুত্ব এখন যেমন, দেশভাগের সময় মানুষের কাছে তা আরও গভীর ছিল। সেই অনুভূতি থেকেই চরিত্রটির সঙ্গে নিজেকে একাত্ম করতে পেরেছেন।
তবে দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়ানো সহজ ছিল না বলে স্বীকার করেছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, পরিচালক রাজকুমার সন্তোষী শুটিংয়ের প্রথম দিনেই সবচেয়ে আবেগঘন ও কঠিন দৃশ্যটির শুটিং করেন, যা তাকে বেশ চাপে ফেলে দেয়।
প্রীতি বলেন, প্রথম দিনে তিনি এতটাই নার্ভাস ছিলেন যে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। সে সময় সহ-অভিনেতা সানি দেওল তাকে সাহস ও সহযোগিতা দেন। পুরো রাত শুটিং চলার পর ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পান এবং কাজটি সহজ হয়ে যায়।
সূত্রঃ যুগান্তর