
আজারবাইজানের সাবাহ এফসিতে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে হামজা চৌধুরী
ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরীর নতুন ক্লাব হতে পারে আজারবাইজান প্রিমিয়ার লিগের সাবাহ এফসি। দেশটির একাধিক গণমাধ্যমের দাবি, ক্লাবটির সঙ্গে ব্যক্তিগত শর্তে ইতোমধ্যেই সমঝোতায় পৌঁছেছেন তিনি। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে দলবদলের ঘোষণা দেওয়া হয়নি।
আজারবাইজানের ক্রীড়া সংবাদমাধ্যম অফসাইডপ্লাস জানিয়েছে, লেস্টার সিটির সঙ্গে অধ্যায়ের ইতি টেনে সাবাহ এফসিতে যোগ দেওয়ার খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন হামজা। আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর ও অন্যান্য প্রক্রিয়া শেষ হলেই বিষয়টি নিশ্চিত হবে।
প্রতিবেদন অনুযায়ী, কয়েক সপ্তাহ ধরেই হামজাকে দলে টানতে চেষ্টা চালিয়ে আসছিল সাবাহ এফসি। আলোচনার পর ব্যক্তিগত চুক্তির বিভিন্ন বিষয়ে দুই পক্ষের সমঝোতা হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মৌসুমে আজারবাইজানের ক্লাবটির জার্সিতেই খেলতে দেখা যাবে বাংলাদেশি এই মিডফিল্ডারকে।
গত মৌসুমে লেস্টার সিটির হয়ে নিয়মিত সুযোগ না পেয়ে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন হামজা। এর আগে ওয়াটফোর্ডেও লোনে সময় কাটিয়েছেন তিনি। তবে ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনগুলো এসেছে লেস্টারের জার্সিতেই।
২০২১ সালে লেস্টারের হয়ে এফএ কাপ ও এফএ কমিউনিটি শিল্ড জয়ের স্বাদ পান হামজা। এছাড়া ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ে দলটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বর্তমানে তার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।
সাবাহ এফসিতে যোগ দিলে ইউরোপের মঞ্চেও খেলার সুযোগ পেতে পারেন হামজা। আজারবাইজানের লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি ইতোমধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের প্রথম দুই ধাপ পেরিয়ে তৃতীয় পর্বে জায়গা করে নিয়েছে। ফলে দলবদল সম্পন্ন হলে চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে মাঠে নামার সম্ভাবনাও তৈরি হবে বাংলাদেশি এই ফুটবলারের।
সূত্রঃ যুগান্তর