সবার কথা বলে

চতুর্থ মেয়াদে ফিফা সভাপতির দৌড়ে ইনফান্তিনো, বোর্ডের সর্বসম্মত সমর্থন

0 4

চতুর্থ মেয়াদে ফিফা সভাপতির দৌড়ে ইনফান্তিনো, বোর্ডের সর্বসম্মত সমর্থন

ডেস্ক রিপোর্টঃ

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে সংস্থাটির ম্যানেজমেন্ট বোর্ড। মরক্কোতে অনুষ্ঠিত বৈঠকে বোর্ডের সর্বসম্মত সমর্থন পাওয়ার পর আগামী নির্বাচনে চতুর্থ মেয়াদে লড়ার অবস্থান আরও শক্ত হয়েছে তার। একই অনুষ্ঠানে সাম্প্রতিক বিতর্কিত কিছু সিদ্ধান্ত নিয়ে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশও করেন তিনি।

ফিফার বিবৃতিতে জানানো হয়, বোর্ডের সদস্যরা সর্বসম্মতিক্রমে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। আগামী নির্বাচনে জয় পেতে হলে ২১১ সদস্যদেশের অন্তত ১০৬টির সমর্থন প্রয়োজন হবে।

সম্প্রতি ফিফার বিভিন্ন শীর্ষ টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি করার পরিকল্পনা প্রকাশের পর ব্যাপক বিতর্কের মুখে পড়েন ইনফান্তিনো। প্রস্তাব অনুযায়ী, ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করা হবে, যেখানে বাইরের বিনিয়োগকারীরা নিয়ন্ত্রণহীন সংখ্যালঘু অংশীদার হতে পারবেন।

ফিফার দাবি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে বড় অঙ্কের অর্থায়ন নিশ্চিত হবে। সদস্যদেশগুলোর কাছে পাঠানো এক বার্তায় ইনফান্তিনো বলেন, পরিকল্পনা অনুমোদিত হলে প্রতিটি সদস্য সংস্থা সর্বোচ্চ ৪ কোটি মার্কিন ডলার পেতে পারে, যার অর্ধেক আগামী বছরের শুরু থেকেই ছাড়ের সুযোগ থাকবে।

পরে এক ভিডিওবার্তায় তিনি বলেন, এটি কোনো বাধ্যতামূলক সিদ্ধান্ত নয়; বরং বিশ্ব ফুটবলের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেওয়ার একটি সুযোগ।

তবে প্রস্তাবটি ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার তীব্র বিরোধিতার মুখে পড়েছে। সংস্থাটির ৫৫ সদস্য জানিয়েছে, পরিকল্পনা কার্যকর হলে তারা বিশ্বকাপ বয়কটের বিষয়টিও বিবেচনা করতে পারে। একই অবস্থান নিয়েছে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফও। অন্যদিকে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সরাসরি বিরোধিতা না করলেও উয়েফা ও কনকাকাফের উদ্বেগের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।

এদিকে ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগ করে এই পরিকল্পাকে ফুটবলের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন। একই ধরনের সমালোচনা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তার ভাষ্য, বিশ্বকাপ কোনো বাণিজ্যিক পণ্য নয়; এটি বিশ্বের কোটি কোটি সমর্থকের আবেগের জায়গা।

সমালোচনার জবাবে ফিফা জানিয়েছে, ফুটবল বিক্রির কোনো প্রশ্নই নেই। সংস্থাটি বিশ্বাস করে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে বিশ্ব ফুটবলের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হবে।

প্রকাশিত বিনিয়োগ পরিকল্পনায় ২০৩৫-২০৩৯ মেয়াদে সদস্য সংস্থাগুলোর জন্য আর্থিক বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে। তবে সমালোচকদের অভিযোগ, পুরো প্রস্তাবে নারী ফুটবলের উন্নয়ন নিয়ে কোনো স্পষ্ট দিকনির্দেশনা নেই।

ফিফা আরও জানিয়েছে, পরিকল্পনাটি অনুমোদন পেলে সম্ভাব্য বিনিয়োগকারী জোটের নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্রভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনাল। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জশুয়া কুশনার, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই।

সূত্রঃ যুগান্তর

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.