
জেদ্দায় আজ সৌদি-তুরস্ক-পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি
ডেস্ক রিপোর্টঃ
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান শুক্রবার (৭ আগস্ট) জেদ্দায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করতে যাচ্ছে। সৌদি সামরিক বাহিনী ও সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি, হরমুজ প্রণালী ও লোহিত সাগরে নৌপরিবহন ব্যাহত হওয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
চুক্তি স্বাক্ষরের আগে জেদ্দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৈঠকে বসবেন।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছেছেন। তাদের সফর চলবে ৮ আগস্ট পর্যন্ত। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানেরও শুক্রবার সৌদি আরবে পৌঁছানোর কথা রয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির মধ্যেও এ সফরের গুরুত্ব কেবল তাৎক্ষণিক সংকট মোকাবিলায় সীমাবদ্ধ নয়; এর দীর্ঘমেয়াদি কৌশলগত তাৎপর্যও রয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য কৌশলগত জোট নিয়ে আলোচনা চলছিল। এর আগে ২০২৫ সালে সৌদি আরব ও পাকিস্তান দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি করেছিল, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক গুরুত্ব পেয়েছিল।
সূত্রঃ বাসস