
থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ২, পরে মারা যায় হামলাকারী
ডেস্ক রিপোর্টঃ
থাইল্যান্ডের নোনথাবুরি প্রদেশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীর গুলিতে একজন শিক্ষকসহ অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। পরে অভিযুক্ত শিক্ষার্থীও মারা যায়। খবর এনডিটিভির।
শুক্রবার (৭ আগস্ট) ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন নোনথাবুরি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত তিনজন শিক্ষার্থী রয়েছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলাকারী ছিল ওই স্কুলের প্রায় ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী। তবে তার মৃত্যুর কারণ নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। কিছু সূত্র বলছে, পুলিশি গুলিতে সে নিহত হয়েছে, আবার অন্য সূত্রের দাবি, সে আত্মহত্যা করেছে।
ঘটনার পর জরুরি সেবাকর্মীরা আহতদের হাসপাতালে পাঠান এবং আতঙ্কিত শিক্ষার্থীদের দ্রুত স্কুল থেকে সরিয়ে নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে অ্যাম্বুলেন্সের পাশে আহতদের চিকিৎসা এবং শিক্ষার্থীদের স্কুল ছাড়ার দৃশ্য দেখা গেছে।
২০২৫ শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী, দেবসিরিন নোনথাবুরি স্কুলে প্রায় ৩ হাজার ১০০ শিক্ষার্থী এবং ১৪৭ জন শিক্ষক রয়েছেন।
এ হামলার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি থাই কর্তৃপক্ষ। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ডে ব্যক্তিগত পর্যায়ে আগ্নেয়াস্ত্রের সংখ্যা তুলনামূলক বেশি। আইন কঠোর করার উদ্যোগ থাকলেও দেশটিতে অস্ত্র-সহিংসতার ঘটনা এখনও উদ্বেগজনকভাবে ঘটছে।
সূত্রঃ বাসস