
শিশু সুরক্ষায় ব্যর্থতার দায়ে মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা
ডেস্ক রিপোর্টঃ
শিশু-কিশোরদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি করার দায়ে মেটাকে ৫৬৭ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা এবং প্ল্যাটফর্মের কয়েকটি ফিচারে কড়াকড়ি আরোপের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত।
বৃহস্পতিবার দেওয়া এ রায়ে আদালত জানায়, ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য পুশ নোটিফিকেশন সীমিত করতে হবে, মাসিক ব্যবহার ৯০ ঘণ্টার মধ্যে রাখতে হবে এবং স্কুল চলাকালে নির্দিষ্ট ধরনের নোটিফিকেশন বন্ধ রাখতে হবে। পাশাপাশি ‘লাইক’ সংখ্যা প্রদর্শন বন্ধ এবং ১৩ বছরের কম বয়সীদের ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের আদেশ অনুযায়ী, জরিমানার প্রায় তিন-চতুর্থাংশ পাঁচ বছরে একটি মানসিক স্বাস্থ্য তহবিলে জমা দিতে হবে। বাকি অর্থ শিশুদের অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতা কার্যক্রম এবং আদালতের নির্দেশ বাস্তবায়নে ব্যয় করা হবে। এ ছাড়া বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বছরে দুবার আদালতে প্রতিবেদন জমা দিতে হবে মেটাকে।
নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেস বলেন, এ রায় শিশুদের নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করবে।
তবে মেটা জানিয়েছে, তারা আদালতের এ সিদ্ধান্তের সঙ্গে একমত নয় এবং রায়ের বিরুদ্ধে আপিল করবে। প্রতিষ্ঠানটির দাবি, কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিতে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, একই ধরনের অভিযোগে বর্তমানে যুক্তরাষ্ট্রের ৩০টিরও বেশি অঙ্গরাজ্যে মেটার বিরুদ্ধে মামলা চলছে। মার্চে আরেকটি মামলায় শিশুদের নিরাপত্তা নিয়ে ভোক্তাদের বিভ্রান্ত করার দায়ে প্রতিষ্ঠানটিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
সূত্রঃ বাসস