
নয় বছরের অধ্যায়ের ইতি টানলেন ক্রোয়েশিয়ার কোচ ডালিচ
ডেস্ক রিপোর্টঃ
ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন জ্লাটকো ডালিচ। এর মধ্য দিয়ে ২০১৮ বিশ্বকাপের ফাইনালে ওঠা দলটির সঙ্গে দেশটির ইতিহাসের সবচেয়ে সফল এই কোচের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল।
৫৯ বছর বয়সী ডালিচ এক বিবৃতিতে বলেন, “ক্রোয়েশিয়ার হয়ে নতুন সাফল্য অর্জনের স্বপ্ন ও প্রবল আকাঙ্ক্ষা এখনও আমার মধ্যে রয়েছে। তবে আমি বিশ্বাস করি, এই অসাধারণ যাত্রার সমাপ্তি টানার এটাই উপযুক্ত সময়। আমি তৃপ্তি নিয়েই বিদায় নিচ্ছি। ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অর্জনগুলোর অংশ হতে পেরে আমি গর্বিত।”
২০১৭ সালের অক্টোবরে জাতীয় দলের দায়িত্ব নেন ডালিচ। তার অধীনেই ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। এছাড়া ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনাল এবং ইউরো ২০২০-এর শেষ ষোলোতেও জায়গা করে নেয় দলটি।
ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনের (এইচএনএস) সভাপতি মারিয়ান কাসটিচ বলেন, “ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসে জ্লাটকো ডালিচের নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
তবে এবারের বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স করে ক্রোয়েশিয়া। শেষ ষোলোয় উঠতে ব্যর্থ হয়ে রাউন্ড অব ৩২-এ পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় দলটি।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ডালিচের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন স্লাভেন বিলিচ। ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকা ৫৭ বছর বয়সী এই কোচের অধীনে ৬৫ ম্যাচে ৪২টি জয়, ১৫টি ড্র এবং মাত্র ৮টি হার দেখেছিল ক্রোয়েশিয়া। ইউরো ২০০৮-এ তার নেতৃত্বে দলটি কোয়ার্টার ফাইনালে উঠলেও তুরস্কের কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
খেলোয়াড়ি জীবনে ডিফেন্ডার হিসেবে ক্রোয়েশিয়ার হয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বিলিচ। কোচিং ক্যারিয়ারে ওয়েস্ট হ্যামসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের একাধিক ক্লাবের দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ ২০২৩-২৪ মৌসুমে সৌদি আরবের ক্লাব আল-ফাতেহর প্রধান কোচ ছিলেন।
ডালিচ একাধিকবার বলেছেন, ক্রোয়েশিয়া জাতীয় দলের কোচ হওয়াই তার কোচিং জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্বের বিষয়। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে তিনি সৌদি আরবের আল-ফয়সালি ও আল-হিলাল এবং সংযুক্ত আরব আমিরাতের আল আইন-এর কোচ হিসেবে কাজ করেন। আল আইন-এর দায়িত্বে থাকাকালে তিনি দুইবার বর্ষসেরা কোচ নির্বাচিত হন এবং ২০১৬ সালে ক্লাবটিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছিলেন।
সূএঃ বাসস