সবার কথা বলে

গানের মহড়ায় গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ

0 3

গানের মহড়ায় গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন নারীকেন্দ্রিক সিনেমা ‘মাইসা’র একটি গানের নাচের প্রস্তুতি নিতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন জনপ্রিয় প্যান-ইন্ডিয়ান অভিনেত্রী রাশমিকা মান্দানা। মহড়ার সময় একটি লাফের দৃশ্য করতে গিয়ে তার হিপ বা কোমর ও নিতম্বের সংযোগস্থলে গুরুতর আঘাত লাগে।

হায়দরাবাদে ছবিটির শুটিং চলাকালে এ দুর্ঘটনা ঘটে। আঘাতের তীব্রতা বিবেচনায় চিকিৎসকরা রাশমিকাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে একাধিক বড় বাজেটের সিনেমার অ্যাকশন দৃশ্য ও নাচের কাজে ব্যস্ত সময় পার করছিলেন রাশমিকা। দীর্ঘ সময় ধরে টানা শারীরিক পরিশ্রম ও অতিরিক্ত চাপের কারণে তার হিপ অঞ্চলের একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গেছে বলে জানা গেছে।

চিকিৎসকদের মতে, এ ধরনের গুরুতর টেন্ডন ইনজুরি সাধারণত কঠোর শারীরিক অনুশীলনে অভ্যস্ত অ্যাথলেট বা পেশাদার ক্রীড়াবিদদের মধ্যে বেশি দেখা যায়। রাশমিকার আঘাতের গভীরতা দেখে চিকিৎসকরাও বিস্ময় প্রকাশ করেছেন।

আঘাতপ্রাপ্ত অংশ পুরোপুরি সেরে ওঠা এবং আগের মতো শক্তি ও স্বাভাবিক চলাচলের সক্ষমতা ফিরে পাওয়ার জন্য তাকে সম্পূর্ণ বিশ্রামের পাশাপাশি বিশেষ পুনর্বাসন কর্মসূচি অনুসরণ করতে বলা হয়েছে।

বর্তমানে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অন্যতম ব্যস্ত অভিনেত্রী রাশমিকা মান্দানা। তিনি একই সময়ে চারটি বড় সিনেমার শুটিংয়ের পাশাপাশি প্রায় ৩০টি দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপনী কাজও সামলাচ্ছিলেন।

সম্প্রতি কেরালায় ‘মাইসা’ সিনেমার শুটিংয়ে কোনো বডি ডাবল ব্যবহার না করে নিজেই বেশ কয়েকটি কঠিন অ্যাকশন দৃশ্যে অংশ নেন তিনি। তবে হঠাৎ এই চোটের কারণে তার হাতে থাকা সিনেমাগুলোর শুটিং পরিকল্পনা এবং বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন প্রচারের সময়সূচি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্রঃ যুগান্তর

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.