
পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ মাইকেল স্মিথ
ডেস্ক রিপোর্টঃ
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার মাইকেল স্মিথকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ এক বিবৃতিতে স্মিথের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
এর আগে পাকিস্তান জাতীয় দলে স্থায়ী কোনো ব্যাটিং কোচ ছিলেন না। প্রয়োজন অনুযায়ী জাতীয় দলের নির্বাচক আসাদ শফিক মাঝে মধ্যে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করতেন।
তবে এবার দুই বছরের চুক্তিতে তিন সংস্করণেই পাকিস্তান দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ৪৬ বছর বয়সী স্মিথকে।
লেভেল-৪ কোচিং সনদধারী স্মিথ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচিং স্টাফের সদস্য হিসেবে কাজ করেছেন। সর্বশেষ মৌসুমে তিনি মুলতান সুলতানসের সহকারী কোচের দায়িত্ব পালন করেন।
এ ছাড়া অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের দল হোবার্ট হারিকেন্স এবং ক্রিকেট তাসমানিয়ায় ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
আগামী ইংল্যান্ড সফর দিয়েই পাকিস্তান দলের ব্যাটিং কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করবেন স্মিথ। আগামী ১৯ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সফর শুরু করবে পাকিস্তান।
খেলোয়াড়ি জীবনে ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৮৯টি প্রথম শ্রেণির, ৭২টি লিস্ট ‘এ’ এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্মিথ। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ৯টি সেঞ্চুরি ও ৪০টি অর্ধশতকের সাহায্যে তার সংগ্রহ ৭ হাজার ২৯ রান।
সূত্রঃ বাসস