
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় কূটনৈতিক উদ্যোগ আপাতত স্থবির: বিশ্লেষক
ডেস্ক রিপোর্টঃ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা আপাতত স্থবির হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সামরিক ও কূটনৈতিক বিশ্লেষক আলেকজান্দরু হুদিস্তেনু। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়নি, তবে বর্তমানে তা কার্যত বিরতির মধ্যে রয়েছে।
হুদিস্তেনুর ভাষ্য, শেষ পর্যন্ত ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষকেই সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে, কারণ দীর্ঘস্থায়ী যুদ্ধ কোনো পক্ষের স্বার্থেই নয়। তাই একসময় শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনা অনিবার্য হয়ে উঠবে।
তিনি বলেন, সংকটের শুরু থেকেই দুই দেশের লক্ষ্য এবং আলোচনার কৌশল নিয়ে মতপার্থক্য ছিল। যুদ্ধের অবসান কীভাবে সম্ভব, সে বিষয়ে উভয় পক্ষের অবস্থানে সমন্বয়ের অভাব থাকায় কূটনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে।
বিশ্লেষকের মতে, এ মতবিরোধের জেরেই পরিস্থিতি আবারও সামরিক উত্তেজনার দিকে মোড় নিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ায় অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি শেষ পর্যন্ত বড় ধরনের যুদ্ধে রূপ নেবে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে দুই দেশের কঠোর অবস্থান উত্তেজনা বাড়িয়ে তুলছে এবং গত দুই মাসের মধ্যে অঞ্চলটি এখন সবচেয়ে স্পর্শকাতর অবস্থায় রয়েছে।
সূএঃ যুগান্তর