সবার কথা বলে

২৪ জুলাই শিল্পকলায় রুনা লায়লাকে সম্মাননা, থাকবে একক সঙ্গীতানুষ্ঠান

0 1

২৪ জুলাই শিল্পকলায় রুনা লায়লাকে সম্মাননা, থাকবে একক সঙ্গীতানুষ্ঠান

ডেস্ক রিপোর্টঃ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লাকে সম্মাননা জানাতে এবং তাঁর একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পূর্বনির্ধারিত ১৮ জুলাইয়ের পরিবর্তে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুলাই।

সেদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রথমে রুনা লায়লাকে সম্মাননা দেওয়া হবে। পরে তিনি একক সঙ্গীতানুষ্ঠানে তাঁর জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করবেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে বন্যাদুর্গত মানুষের সহায়তার উদ্দেশ্যে গান গাইবেন এই কিংবদন্তি শিল্পী।

শিল্পকলা একাডেমি জানিয়েছে, রুনা লায়লা বাংলাদেশের সংগীতাঙ্গনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘ সংগীতজীবনে তিনি আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাংস্কৃতিক মর্যাদা তুলে ধরার পাশাপাশি তাঁর শিল্পকর্মের মাধ্যমে মানবিকতা, প্রেম, দেশপ্রেম ও সাংস্কৃতিক মূল্যবোধকে সমৃদ্ধ করেছেন। তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি দিতেই জাতীয়ভাবে এ সম্মাননা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। আর ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

সূএঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.