
জর্ডানে ইরানি হা*মলা প্রতিহত করতে গিয়ে দুই মার্কিন সেনা নি*হত, একজন নি*খোঁজ
ডেস্ক রিপোর্টঃ
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জর্ডানের একটি বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবারের ওই হামলার পর থেকে নিখোঁজ সেনাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। আহত চার সেনাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা শেষে তারা ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন। অন্য যেসব সেনা সামান্য আহত হয়েছেন, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সেন্টকম জানিয়েছে, নিহত সেনাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে এখনই তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। স্বজনদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় জানানো হবে।
২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরুর পর থেকে পাল্টা হামলা ও বিভিন্ন ঘটনায় অন্তত ১৫ মার্কিন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ইরাকের আকাশে দুটি রিফুয়েলিং বিমানের সংঘর্ষে ছয়জন, কুয়েতে একটি কমান্ড পোস্টে ইরানি ড্রোন হামলায় আরও ছয়জন এবং চলতি মাসের শুরুতে আরব সাগরে হেলিকপ্টার দুর্ঘটনায় একজন নৌবাহিনীর পাইলট প্রাণ হারান।
এদিকে, ইরান অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত ৪০০-রও বেশি মার্কিন সেনা আহত হয়েছেন।
সূএঃ যুগান্তর