
ইরানে শক্তিশালী অভিযান অব্যাহত রাখার ঘোষণা ট্রাম্পের, লক্ষ্য যুদ্ধজয়
ডেস্ক রিপোর্টঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আরও কঠোরভাবে চলবে। একই সঙ্গে তিনি বলেছেন, চলমান সংঘাতে জয় অর্জন করাই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য। পাশাপাশি কোনো পরিস্থিতিতেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (৩১ জুলাই) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে অবস্থিত ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় ইরান যুদ্ধ ও দেশটির সঙ্গে চলমান আলোচনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য একটাই—যুদ্ধে জয় নিশ্চিত করা। তার দাবি, বর্তমানে যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে এমন পরিস্থিতিতেও ওয়াশিংটন যতটা সম্ভব সংযত থাকার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট। কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, ইরানের ওপর কঠোর সামরিক চাপ অব্যাহত রাখা হবে এবং একসময় দেশটি আর এই পরিস্থিতি সহ্য করতে পারবে না বলে জানাবে।
ইরান এখনও শক্ত অবস্থানে রয়েছে—এমন ধারণা প্রত্যাখ্যান করে ট্রাম্প দাবি করেন, দেশটি বর্তমানে গুরুতর সংকটে রয়েছে। তার অভিযোগ, ইরানি নেতারা বিশ্বাসযোগ্য নন এবং তাদের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানো কঠিন।
ভিয়েতনাম ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অতীত সামরিক অভিযানের সঙ্গে বর্তমান সংঘাতের তুলনা করে ট্রাম্প বলেন, মাত্র পাঁচ মাসের অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।
ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়েও সংশয় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য, ইরানের ওপর তার আস্থা ক্রমেই কমছে, কারণ তারা সত্য কথা বলে না। ট্রাম্প জানান, তিনি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের ফোনের অপেক্ষায় থাকার সময় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তাকে জানান, জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় একাধিক দফা হামলা চালিয়েছে। পালটা প্রতিক্রিয়ায় জর্ডানসহ উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান।
এর আগে গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তবে সাম্প্রতিক হামলা ও পালটা হামলার ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে এবং পরিস্থিতি আবারও সংঘাতমুখী হয়ে উঠেছে।
সূত্রঃ যুগান্তর