সবার কথা বলে

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন, আবারও যেতে হবে লন্ডনে

0 0

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন, আবারও যেতে হবে লন্ডনে

ডেস্ক রিপোর্টঃ

দীর্ঘ ১৫ মাস ধরে লন্ডনে চিকিৎসা নেওয়ার পর অবশেষে দেশে ফিরছেন দেশের নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় আজ সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে যাত্রা শুরু করেছেন তিনি। এ সময় তার সঙ্গে রয়েছেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

অভিনেতার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের দীর্ঘদিনের ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ। তবে কাঞ্চনের এই দেশে ফেরা দীর্ঘ সময়ের জন্য নয় বলে জানিয়েছেন তিনি।

লিটন এরশাদের ভাষ্য অনুযায়ী, আগামী ১৪ আগস্টের আগেই ইলিয়াস কাঞ্চনকে আবার লন্ডনে ফিরে যেতে হবে। কারণ, ১৫ আগস্ট সেখানে তার শারীরিক অবস্থা নিয়ে পুনরায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন এখন পর্যন্ত প্রায় ৬০টি কেমোথেরাপি নিয়েছেন। দীর্ঘদিনের চিকিৎসার প্রভাব তার শারীরিক চেহারাতেও কিছুটা দেখা গেছে। বিমানবন্দর থেকে প্রকাশিত একটি ছবিতে সাদা চুল ও দাড়িতে তাকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। তার সফরসঙ্গীরা এ সময় পেছনে দাঁড়িয়ে ছিলেন।

লিটন এরশাদ জানান, দীর্ঘ চিকিৎসার পরও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি অভিনেতার। তিনি বলেন, চিকিৎসা নিয়ে তাদের আশাবাদ আগের তুলনায় কমে গেছে। পরিবারের পক্ষ থেকে লন্ডনে সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করা হলেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। এদিকে দীর্ঘদিন বিদেশে থাকার পর ইলিয়াস কাঞ্চনও দেশে ফিরতে আগ্রহী হয়ে উঠেছেন। তাই পরিবারের সিদ্ধান্তে তাকে কয়েক দিনের জন্য বাংলাদেশে আনা হচ্ছে।

গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে জটিলতা ও ঝুঁকির কারণে অস্ত্রোপচারের সময় টিউমারের বড় একটি অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকে তিনি নিয়মিত কেমোথেরাপি নিচ্ছেন।

বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। রেকর্ড গড়া সিনেমা ‘বেদের মেয়ে জোছনা’সহ অসংখ্য ব্যবসাসফল ও প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের পাশাপাশি রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকেও ভূষিত হয়েছেন এই বরেণ্য অভিনেতা।

সূত্রঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.