
শাকিবের অনুরোধে আবার সিনেমায় ফিরতে রাজি ববিতা, তবে আছে শর্ত
ডেস্ক রিপোর্টঃ
ঢালিউডের কিংবদন্তি অভিনেত্রী ববিতা ও শাকিব খান একসঙ্গে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন। তাদের জুটি দর্শকদের উপহার দিয়েছে ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ ও ‘মায়ের জিহাদ’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্র।
সম্প্রতি জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যোগ দেন শাকিব খান। এ সময় দুই তারকার মধ্যে দীর্ঘ আলাপ হয় এবং ববিতার কাছে একটি বিশেষ অনুরোধ জানান ঢালিউডের এই শীর্ষ অভিনেতা।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত শাকিব খান অনুষ্ঠানে ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। কথোপকথনের একপর্যায়ে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে তার দূরে থাকার প্রসঙ্গ তুলে আবারও একসঙ্গে সিনেমায় কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
শাকিব খান বলেন, ববিতার কাছে তার বিনীত অনুরোধ—তিনি যেন আবার সিনেমায় অভিনয় করেন। ভবিষ্যতে তার সঙ্গে আরও চলচ্চিত্রে কাজ করতে চান বলেও জানান শাকিব।
শাকিবের অনুরোধের জবাবে ববিতা বলেন, পছন্দমতো গল্প এবং শক্তিশালী চরিত্র না পাওয়ায় তিনি দীর্ঘদিন চলচ্চিত্রে অভিনয় করেননি। তবে ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র পেলে আবারও পর্দায় ফিরতে তার আপত্তি নেই।
শাকিবকে উদ্দেশ করে ববিতা বলেন, এমন একটি গল্প নিয়ে আসতে হবে যেখানে দুজনেরই গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ থাকবে এবং চরিত্রগুলো হবে চ্যালেঞ্জিং। এমন গল্প পেলে তিনি শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয় করবেন বলে প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে শাকিব খানের পেশাদার আচরণ, কাজের প্রতি আন্তরিকতা এবং সাম্প্রতিক সময়ের চলচ্চিত্র নিয়েও প্রশংসা করেন বরেণ্য এই অভিনেত্রী।
সূত্রঃ যুগান্তর