সবার কথা বলে

ইমন-ইফতির নৈপুণ্যে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম জয়

0 1

ইমন-ইফতির নৈপুণ্যে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম জয়

ডেস্ক রিপোর্টঃ

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। পেসার ইকবাল হোসেন ইমনের পাঁচ উইকেট এবং ব্যাটার ইফতেখার হোসেন ইফতির অপরাজিত অর্ধশতকে ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকাকে (ইউএসএসএ) বৃষ্টি আইনে ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে ৭ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরল বাংলাদেশ।

প্রিটোরিয়ায় অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ইউএসএসএকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। দুই ওপেনার লুডউইচ শুল্ড ও জেসন মুয়ারহেড দুর্দান্ত শুরু এনে দেন দলকে। উদ্বোধনী জুটিতে তারা ১৩৫ বলে ১৪৮ রান যোগ করেন।

শুল্ড ৭১ বলে ৭২ রান করেন। অন্যদিকে ৭৩ বল খেলে ৭৯ রান করেন মুয়ারহেড। তবে ওপেনিং জুটি ভাঙার পর আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। ফলে ৪৭ ওভারে ২৪৮ রানে অলআউট হয় ইউএসএসএ।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ইকবাল হোসেন ইমন। ১০ ওভারে ৪৩ রান দিয়ে একাই ৫ উইকেট তুলে নেন তিনি।

২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। ৮০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে দলটি। তবে চতুর্থ উইকেটে ইফতি ও মাহিদুল ইসলাম অঙ্কনের অপরাজিত ১০৬ রানের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ফিরিয়ে দেয়।

ইফতি ৮৬ বলে ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে অপরাজিত ৭১ রান করেন। তাকে ভালো সঙ্গ দেন অঙ্কন। ৩৮ বলে একটি বাউন্ডারিতে অপরাজিত ৩৮ রান করেন তিনি।

৩৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৮৬ রান। এরপর আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। সে সময় বৃষ্টি আইনে বাংলাদেশ ২৬ রানে এগিয়ে ছিল। পরে আর খেলা শুরু না হওয়ায় বৃষ্টি আইনে জয় পায় বাংলাদেশ ইমার্জিং দল।

ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে জায়গা করে নেবে।

আগামী ১২ আগস্ট প্রিটোরিয়ার টুকস ওভালে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্রঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.