
সাড়ে চার বছর পর টি-টোয়েন্টিতে পাঁচ উইকেটের দেখা পেলেন রশিদ
ডেস্ক রিপোর্টঃ
দীর্ঘ সাড়ে চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে আবারও এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। ২৪৬ ম্যাচ পর এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।
চলমান দা হান্ড্রেডের ১৮তম ম্যাচে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন এমআই লন্ডনের হয়ে খেলা রশিদ। ২০ বলের স্পেলে মাত্র ১৭ রান খরচায় ৫ উইকেট তুলে নেন এই লেগ স্পিনার। তার বিধ্বংসী বোলিংয়ে ম্যাচে ৪৫ রানের জয় পায় এমআই লন্ডন।
এর আগে সর্বশেষ ২০২২ সালের জানুয়ারিতে টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন রশিদ। এরপর দীর্ঘ সময় ধরে ২৪৬টি ম্যাচ খেললেও এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার সুযোগ পাননি তিনি।
২০২২ সালে বিগ ব্যাশ লিগের ১১তম আসরে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলতে নেমে ক্যারিয়ারের সেরা বোলিং করেন রশিদ। ব্রিজবেন হিটের বিপক্ষে চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এখনো সেটিই তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।
রশিদের সেই অসাধারণ বোলিংয়ে ব্রিজবেনকে ৭১ রানে হারিয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স।
যদিও দা হান্ড্রেড ১০০ বলের একটি ভিন্নধর্মী টুর্নামেন্ট, তবু আনুষ্ঠানিক ক্রিকেট পরিসংখ্যানে এর ম্যাচগুলো টি-টোয়েন্টি হিসেবেই গণনা করা হয়।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে রয়েছেন রশিদ। এখন পর্যন্ত ৫৪৭ ম্যাচে তার সংগ্রহ ৭৩৬ উইকেট।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনিল নারাইন ৬০৭ ম্যাচে নিয়েছেন ৬৪৬ উইকেট। আর ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ডোয়াইন ব্রাভো।
সূত্রঃ বাসস