
‘লক আপ সিজন ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা, জিতলেন ১ কোটি রুপি
ডেস্ক রিপোর্টঃ
নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লক আপ সিজন ২’-এর বিজয়ীর মুকুট উঠেছে সোশ্যাল মিডিয়া তারকা শ্রেয়া কালরার মাথায়। পুরো মৌসুমে দৃঢ় অবস্থান, কৌশলী পারফরম্যান্স এবং একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলা করে শিরোপা জয়ের পাশাপাশি তিনি পেয়েছেন ১ কোটি রুপি নগদ পুরস্কার।
কে এই শ্রেয়া কালরা?
শ্রেয়া কালরা একজন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, অভিনেত্রী, মডেল এবং রিয়েলিটি শো তারকা। ১৯৯৭ সালের ১৪ জানুয়ারি মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম তার। এমবিএ সম্পন্ন করা শ্রেয়া প্রথমে টিকটকে নাচ ও লিপ-সিঙ্ক ভিডিওর মাধ্যমে পরিচিতি পান। পরে টিকটক নিষিদ্ধ হলে ইনস্টাগ্রাম ও ইউটিউবে নিয়মিত কনটেন্ট তৈরি করে বিশাল অনুসারী গড়ে তোলেন। ফ্যাশন, লাইফস্টাইল, নাচ এবং বিনোদনধর্মী ভিডিওর জন্য তিনি বিশেষভাবে পরিচিত।
ক্যারিয়ারের পথচলা
ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পর ২০২০ সালে ‘এমটিভি রোডিজ রেভোলিউশন’-এ ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসেবে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন। এরপর একাধিক মিউজিক ভিডিওতে অভিনয়ের পাশাপাশি মুনাওয়ার ফারুকির সঙ্গে ‘দ্য সোসাইটি সিজন ২’ উপস্থাপনা করেন। এছাড়া ‘ডোন্ট স্পিল টু মাচ’ নামে নিজের একটি পডকাস্ট পরিচালনার পাশাপাশি কয়েকটি ওটিটি মিনি সিরিজেও অভিনয় করেছেন।
যেভাবে জিতলেন ‘লক আপ ২’
‘লক আপ সিজন ২’-এ শুরু থেকেই আত্মবিশ্বাসী ও পরিকল্পিত গেমপ্লে দিয়ে নজর কাড়েন শ্রেয়া। নানা বিতর্ক, প্রতিদ্বন্দ্বিতা ও চাপের মধ্যেও নিজের অবস্থান থেকে সরে না গিয়ে শেষ পর্যন্ত বিজয় নিশ্চিত করেন।
শো চলাকালে শিবাঙ্গী জোশী, আকাঙ্ক্ষা চৌধুরী, যোগেশ রাওয়াত, হর্ষদ চোপড়া এবং শিল্পা শেঠির সঙ্গে তার একাধিক উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। বিশেষ করে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত তথ্য প্রকাশের ঘটনায় তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়লেও প্রতিযোগিতা থেকে পিছিয়ে যাননি।
দৃঢ় মনোভাব, স্পষ্ট বক্তব্য এবং সাহসী গেমপ্লের কারণে দর্শকদের একটি বড় অংশ পুরো মৌসুমটিকেই মজার ছলে ‘দ্য শ্রেয়া কালরা শো’ নামে অভিহিত করেছেন।
সূত্রঃ যুগান্তর