
কোটি টাকার প্রতারণার মামলায় সালমান খান ও তার বোনকে আদালতের সমন
ডেস্ক রিপোর্টঃ
‘বিয়িং হিউম্যান’ জুয়েলারি ব্র্যান্ডের একটি শোরুমকে কেন্দ্র করে দায়ের হওয়া প্রতারণার মামলায় বলিউড অভিনেতা সালমান খান, তার বোন আলভিরা খান অগ্নিহোত্রী এবং ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’-এর পরিচালকদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ভারতের চণ্ডীগড়ের একটি জেলা আদালত।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্তার করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত এ সমন জারি করেছেন। আগামী ৫ অক্টোবর অভিযুক্তদের আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে লিখিত জবাব দিতে হবে।
মামলার অভিযোগে বলা হয়েছে, মনিমাঝরায় ‘বিয়িং হিউম্যান’ জুয়েলারির শোরুম চালুর জন্য বড় অঙ্কের লাভের আশ্বাস দিয়ে অরুণ গুপ্তাকে বিনিয়োগে উৎসাহিত করা হয়েছিল। সেই বিশ্বাসে তিনি প্রায় ৩ কোটি রুপি বিনিয়োগ করেন, যার মধ্যে প্রায় ১ কোটি রুপি ব্যয় হয় শোরুম নির্মাণে। কিন্তু প্রতিশ্রুত ব্যবসায়িক সহায়তা না পাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে গয়না সরবরাহকারী মূল কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় শোরুমে পণ্যের সংকট দেখা দেয় এবং ব্যবসা কার্যত অচল হয়ে পড়ে। এছাড়া সালমান খানের উপস্থিতি ও ব্র্যান্ড প্রচারের বিষয়টি ব্যবহার করে তাকে বিনিয়োগে প্ররোচিত করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী।
তবে অভিযোগ অস্বীকার করেছে ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’। প্রতিষ্ঠানটির দাবি, ২০১৮ সালে করা ওই চুক্তির সঙ্গে সালমান খানের কোনো সরাসরি সম্পৃক্ততা ছিল না।
সংস্থাটির ভাষ্য, ২০১৫ সালে ‘সালমান খান ফাউন্ডেশন’ তাদের কাছে ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ডের জুয়েলারি ব্যবসার লাইসেন্স প্রদান করে। সেই লাইসেন্সের ভিত্তিতেই প্রতিষ্ঠানটি স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করেছে। ফলে বিপণন, বিক্রয় ও ব্যবসা পরিচালনার সম্পূর্ণ দায়ভার তাদের নিজেদের ওপরই বর্তায়।
সূত্রঃ যুগান্তর