
লিগস কাপে জোড়া গোলে ইতিহাস গড়লেন মেসি, জয় পেল ইন্টার মায়ামি
ডেস্ক রিপোর্টঃ
লিগস কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। বুধবার জোড়া গোল করে তিনি নিজের মোট গোলসংখ্যা ১৪-তে উন্নীত করেন। একই সঙ্গে তার দল ইন্টার মায়ামি ২০২৬ লিগস কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নিজেদের মাঠে অ্যাথলেটিকো সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে।
মায়ামিতে যোগ দেওয়ার পর ২০২৩ সালে দলকে লিগস কাপের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মেসি এবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখান। এমএলএস ও মেক্সিকোর লিগা এমএক্সের ক্লাবগুলোর অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে তিনিই এখন সর্বোচ্চ গোলদাতা।
ম্যাচের চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় সান লুইস। তবে সাত মিনিট পরই সমতায় ফেরান মেসি। ২৬ মিনিটে তেলাসকো সেগোভিয়ার গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। প্রথমার্ধের শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান মেসি। এরপর যোগ করা সময়ের শেষ দিকে মিকায়েলের গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে রাফা ইয়োরেন্তে একটি গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি সান লুইস।
এদিকে লিগস কাপের দিনের অন্য ম্যাচে ডালাস ২-০ গোলে কেরেতারোকে হারিয়েছে। আর ন্যাশভিলে অনুষ্ঠিত ম্যাচে লিঁও ১-০ ব্যবধানে জয় পেয়েছে।
সূত্রঃ বাসস