
ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সাইবারিকে পাচ্ছে না মরক্কো
ডেস্ক রিপোর্টঃ
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা মিডফিল্ডার ইসমায়েল সাইবারিকে পাচ্ছে না মরক্কো। দলের প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়াহবি জানান, সাইবারি ছাড়া দলের বাকি সব খেলোয়াড় পুরোপুরি ফিট রয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এই টুর্নামেন্টে এটিই যেন সাইবারির শেষ ম্যাচ না হয়।
চলতি বিশ্বকাপে আলোচিত পারফরম্যান্স উপহার দিয়েছেন সাইবারি। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করার পাশাপাশি নেদারল্যান্ডসের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর টাইব্রেকারে জয়সূচক শট নিয়ে দলকে পরের পর্বে তুলেছিলেন। তার দুর্দান্ত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন থেকে প্রায় ৫০ মিলিয়ন ইউরোতে তাকে দলে নিয়েছে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ।
তবে শেষ ষোলোতে কানাডার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তার বদলি হিসেবে নেমে সোফিয়ানে রাহিমি দলের তৃতীয় গোলটি করেন।
এখন মরক্কোর সামনে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ। চার বছর আগে প্রথম আফ্রিকান-আরব দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার ইতিহাস গড়া অ্যাটলাস লায়ন্সখ্যাত দলটি এবারও শেষ চারে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে।
কোচ ওয়াহবি বলেছেন, কোয়ার্টার ফাইনালে ওঠাতেই সন্তুষ্ট নন তারা। তার ভাষায়, দল শুধুমাত্র ভালো করেছে—এমন মানসিকতা নিয়ে তিনি এগোতে চান না। লক্ষ্য একটাই, ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে ওঠা।
তিনি আরও জানান, ২০২২ সালের বিশ্বকাপে ফ্রান্স ও মরক্কোর সেমিফাইনাল ম্যাচটি তিনি একজন সাধারণ দর্শক হিসেবে টেলিভিশনে দেখেছিলেন।
অন্যদিকে মরক্কোর রিয়াল মাদ্রিদের তারকা ব্রাহিম দিয়াজ বিশ্বাস করেন, শক্তিশালী ফ্রান্সের বিপক্ষেও সমানতালে লড়াই করার সামর্থ্য তাদের রয়েছে। ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পের মুখোমুখি হওয়ার আগে তিনি বলেন, ফ্রান্স অবশ্যই অন্যতম ফেবারিট, তবে মরক্কো ইতোমধ্যেই প্রমাণ করেছে যে তারা বড় দলগুলোর সঙ্গে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। দলের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে।
সূএঃ বাসস