
‘হ্যাপিলি ম্যারিড’ পোস্টে তোলপাড়, বিয়ে নয় নতুন ওয়েব ফিল্মের প্রচারণা
ডেস্ক রিপোর্টঃ
চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েলের সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুজনই একই ছবি শেয়ার করেন, যেখানে শুভকে কেয়া পায়েলকে আলিঙ্গন করতে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা ছিল— ‘Happily Married with Keya Payel’।
পোস্টটি প্রকাশের পর অনেকেই ধারণা করেন, বাস্তব জীবনেই হয়তো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই দুই তারকা। কেউ শুভেচ্ছা জানান, আবার কেউ আরিফিন শুভর ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে বলেও মন্তব্য করেন।
তবে পরে জানা যায়, বিষয়টি বাস্তব নয়। এটি নতুন একটি ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। দর্শকদের কৌতূহল তৈরি করতেই এমন ব্যতিক্রমী প্রচারণার কৌশল নেওয়া হয়েছে।
জানা গেছে, ‘হ্যাপিলি ম্যারিড’ শিরোনামের ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। এটি পরিচালনা করছেন জাহিদ প্রীতম। ইতোমধ্যে এর শুটিং শুরু হয়েছে। ছবিয়ালের প্রযোজনায় এবং চরকির ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটি মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অন্তর্ভুক্ত।
নির্মাতাদের ভাষ্য, অসম সম্পর্ক, ভালোবাসা এবং বাস্তব জীবনের নানা টানাপোড়েনের গল্প উঠে আসবে এই নির্মাণে।
তবে প্রচারণার এই অভিনব পদ্ধতি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদল দর্শক একে সৃজনশীল মার্কেটিং কৌশল হিসেবে প্রশংসা করেছেন, অন্যদিকে অনেকের মতে, এমন পোস্ট সাধারণ দর্শকদের বিভ্রান্ত করতে পারে। কেউ কেউ এটিকে ‘সস্তা প্রচারণা’ বলেও সমালোচনা করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে চরকি ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের ঘোষণা দেয়। ভালোবাসাকে কেন্দ্র করে ১২ জন নির্মাতার ১২টি ভিন্ন গল্প নিয়ে এই উদ্যোগ শুরু হয়। এর আগে এ প্রকল্পের আওতায় একাধিক ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে। অন্যদিকে, আরিফিন শুভকে সর্বশেষ দেখা গেছে ‘উনিশ২০’ ওয়েব ফিল্মে। এবার ‘হ্যাপিলি ম্যারিড’-এর মাধ্যমে তিনি আবারও দর্শকদের সামনে আসছেন।
সূএঃ যুগান্তর