
ভক্তদের উদ্দেশে অর্থবহ বার্তা দিলেন শাবনূর
ডেস্ক রিপোর্টঃ
ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অনিয়মিত। বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন তিনি। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, নতুন ছবি এবং নিজের ভাবনা ও অনুভূতি প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন চারটি ছবি প্রকাশ করেন শাবনূর। ছবিগুলোতে কমলা রঙের স্টাইলিশ ব্লেজারে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায় তাকে। পেছনের রঙিন ফুলের সাজ তার উপস্থিতিকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলেছে।
ছবি প্রকাশের পাশাপাশি একটি তাৎপর্যপূর্ণ বার্তাও দেন শাবনূর। তিনি লেখেন, ‘বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।’
তার এই বক্তব্যে বেশির ভাগ ভক্ত সমর্থন জানিয়েছেন। মন্তব্যের ঘরে অনেকেই অভিনেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।
এক ভক্ত শাবনূরের প্রশংসা করে লেখেন, হাজারো ফুলের মাঝে যেমন গোলাপ আলাদা, হাজারো তারার মধ্যে যেমন চাঁদ বিশেষ, তেমনি অসংখ্য নায়িকার মধ্যেও শাবনূর একটি স্বতন্ত্র ও স্মরণীয় নাম।
আরেক ভক্ত মন্তব্য করেন, অন্যরা কী বলল, তা নিয়ে ভাবার প্রয়োজন নেই। কারণ ভক্তরা জানেন, শাবনূর একজন ভালো মানুষ।
প্রায় দুই বছর আগে ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফেরার কথা জানিয়েছিলেন শাবনূর। তবে ছবিটির কাজ এখনও শেষ হয়নি। এর মধ্যে সিনেমাটির কিছু অসম্পাদিত দৃশ্য ও শুটিংয়ের ভিডিও প্রকাশ্যে আসার পর তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা দেখা দেয়।
এরপর থেকে নতুন কোনো সিনেমায় আর দেখা যায়নি জনপ্রিয় এই অভিনেত্রীকে। তবে অভিনয়ে অনিয়মিত থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থেকে নিয়মিতই ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন শাবনূর।
সূত্রঃ যুগান্তর