সবার কথা বলে

আবাসন খাতে বড় মুনাফা করলেন মাধুরী দীক্ষিত

0 6

আবাসন খাতে বড় মুনাফা করলেন

মাধুরী দীক্ষিত

ডেস্ক রিপোর্টঃ

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত শুধু অভিনয়েই নয়, রিয়েল এস্টেট খাতেও সফল বিনিয়োগকারী হিসেবে পরিচিত। সম্প্রতি মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরিতে তার মালিকানাধীন একটি বাণিজ্যিক অফিস বিক্রি করে উল্লেখযোগ্য মুনাফা করেছেন তিনি।

রিয়েল এস্টেট অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘সিআরই ম্যাট্রিক্স’-এর তথ্য অনুযায়ী, প্রায় ১৮ বছর আগে মাত্র ৫২ লাখ ৫০ হাজার রুপিতে কেনা এক হাজার ৫৯৪ দশমিক ২৪ বর্গফুটের অফিসটি এখন কয়েক গুণ বেশি দামে বিক্রি হয়েছে। অফিসটির সঙ্গে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে। সম্পত্তিটি কিনেছে ‘ফ্রেমস প্রোডাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেড’।

এর আগে চলতি বছরের মার্চে মুম্বাইয়ের লোয়ার প্যারেলের ‘ওয়ান লোধা প্যালেস’-এ ৭৩১ বর্গফুটের একটি অফিস পাঁচ বছরের জন্য লিজ নেন মাধুরী। আবার গত বছরের ডিসেম্বরে জুহু এলাকার একটি ফ্ল্যাট প্রায় ৩ কোটি ৯০ লাখ রুপিতে বিক্রি করেন তিনি। এসব লেনদেন থেকেই স্পষ্ট, আবাসন খাতে নিয়মিত বিনিয়োগ ও সম্পত্তি ব্যবস্থাপনায় সক্রিয় রয়েছেন এই অভিনেত্রী।

জানা গেছে, সর্বশেষ সম্পত্তি বিক্রির নিবন্ধন সম্পন্ন করতে প্রায় ৩০ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি পরিশোধ করা হয়েছে। মাধুরী ও তার স্বামী ডা. শ্রীরাম নেনে এর আগেও বিভিন্ন সম্পত্তি লিজ দেওয়া এবং বিক্রির মাধ্যমে লাভবান হয়েছেন।

অভিনয়ের দিক থেকে মাধুরীর সর্বশেষ সিনেমা ‘মা বেহেন’ চলতি বছরের জুনে নেটফ্লিক্সে মুক্তি পায়। সমালোচকদের প্রশংসা পেলেও দর্শকপ্রিয়তা বা বাণিজ্যিক সাফল্যের দিক থেকে ছবিটি প্রত্যাশা পূরণ করতে পারেনি।

বর্তমানে তার নতুন চলচ্চিত্র নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকলেও বিনোদন জগতের এই বিরতির মধ্যেই রিয়েল এস্টেট খাতে সফল বিনিয়োগের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন মাধুরী দীক্ষিত।

সূত্রঃ যুগান্তর

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.