
ভিসা ও গ্রিন কার্ড আবেদনে কঠোর হলো যুক্তরাষ্ট্র, নতুন নীতি কার্যকর
ডেস্ক রিপোর্টঃ
ভিসা, গ্রিন কার্ডসহ বিভিন্ন অভিবাসন-সংক্রান্ত আবেদন প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী, আবেদন জমা দেওয়ার সময়ই আবেদনকারীকে প্রয়োজনীয় সব নথি ও যোগ্যতার প্রমাণ দাখিল করতে হবে। অন্যথায় অতিরিক্ত তথ্য চাওয়ার সুযোগ না দিয়েই আবেদন বাতিল করা হতে পারে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ইউএসসিআইএসের নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো আবেদন অসম্পূর্ণ থাকলে বা প্রয়োজনীয় প্রাথমিক প্রমাণপত্র না থাকলে ‘রিকোয়েস্ট ফর এভিডেন্স (আরএফই)’ কিংবা ‘নোটিশ অব ইন্টেন্ট টু ডিনাই (এনওআইডি)’ পাঠানো ছাড়াই তা প্রত্যাখ্যান করার ক্ষমতা থাকবে কর্তৃপক্ষের।
সংস্থাটি আরও জানিয়েছে, প্রতিটি আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের তালিকা ও নির্দেশনা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তাই আবেদনকারীদের শুরু থেকেই পূর্ণাঙ্গ আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ইউএসসিআইএসের ভাষ্য, নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের (ডিএইচএস) বিদ্যমান বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়বে এবং ভিত্তিহীন বা অসম্পূর্ণ আবেদন জমা দেওয়ার প্রবণতা কমবে।
এর ফলে বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া আগের নীতির পরিবর্তন হলো। সেই নীতিতে আবেদনপত্রে ঘাটতি থাকলে তাৎক্ষণিকভাবে বাতিল না করে প্রয়োজনীয় তথ্য বা নথি জমা দেওয়ার সুযোগ দিতে কর্মকর্তাদের উৎসাহিত করা হতো।
নতুন নীতিমালা ৫ আগস্ট থেকেই কার্যকর হয়েছে। বিদ্যমান কোনো বিধিতে ভিন্ন নির্দেশনা না থাকলে, ৫ আগস্ট ২০২৬ বা এর পরে জমা দেওয়া এবং ওই সময় পর্যন্ত নিষ্পত্তি না হওয়া সব অভিবাসন-সংক্রান্ত আবেদনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।
সূত্রঃ যুগান্তর